
জুলাই গণঅভ্যুত্থান দিবসে মহামান্য রাষ্ট্রপতির নিকট ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একই সাথে বিএনপির মেজর হাফিজের মতো নেতাদের ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পড়ুন বিস্তারিত।
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান দিবসের বিশেষ মুহূর্তে সংবিধান ও পদের মর্যাদা স্মরণ করিয়ে দিয়ে মহামান্য রাষ্ট্রপতির নিকট ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আকুল আকাক্সক্ষা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রাজনৈতিক ভারসাম্য ও রাষ্ট্রপতির নিরপেক্ষ পদের গুরুত্ব তুলে ধরে গোলাম পরোয়ার বলেন, “সংবিধান অনুযায়ী যিনি রাষ্ট্রপতির পদে আসীন হন, তিনি আর কোনো দলের থাকেন না। কিন্তু যিনি সরকার প্রধান হন, তিনি কোনো না কোনো রাজনৈতিক দলের হওয়ায় তাঁর মূল মনোযোগ থাকে দলীয় মিশন বাস্তবায়নে। আপনি যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ ও নির্দলীয় অবস্থানে রয়েছেন, সুতরাং জুলাই সনদ বাস্তবায়নে আপনাকেই কার্যকর ভূমিকা পালন করতে হবে।”
জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী ও তাঁদের পরিবারের আবেগের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “আমরা গত ৩৬ দিন ধরে (৩৬ জুলাই পর্যন্ত) জুলাই যোদ্ধা ও বীর শহীদ পরিবারগুলোকে নিয়ে নিয়মিত বিভিন্ন সভা-সমাবেশ করেছি। এই প্রতিটি কর্মসূচিতে আমরা তাঁদের চোখের পানি ও কান্না দেখেছি। আমরা এমন এক রাষ্ট্র চাই, যেখানে এই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা যেন অন্তত এটা বলতে না পারে যে—তারা রাষ্ট্রের কাছে প্রাপ্য অধিকার বা সম্মান পায়নি।”
বক্তব্যের একপর্যায়ে রাজনৈতিক অঙ্গনে সংস্কার ও অভিজ্ঞতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে গোলাম পরোয়ার জানান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ নিঃসন্দেহে একজন গুণী ও অভিজ্ঞ ব্যক্তিত্ব। বিএনপিতে যেসব রাজনৈতিক নেতা সংস্কার ও পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন, তিনি তাঁদের অন্যতম। তাই জুলাই সনদ বাস্তবায়ন ও দেশের সার্বিক গণতান্ত্রিক সংস্কারে তাঁর মতো অভিজ্ঞ নেতারাও অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।
