
ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনৈতিক সুবিধা গ্রহণ, পদ বাণিজ্য এবং চাঁদাবাজি বন্ধের কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সাবেক এমপি রফিকুল ইসলাম জামাল। শহীদদের আত্মত্যাগ ভুলে পদলোভী রাজনীতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের একশ্রেণীর নেতাকর্মীদের অনিয়ম, চাঁদাবাজি এবং অনৈতিক সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধের জন্য কড়া অনুরোধ ও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। তিনি অভিযোগ করেছেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে শহীদদের আত্মত্যাগের মর্যাদাকে ক্ষুণ্ন করে স্থানীয় কিছু নেতা ব্যক্তিগত স্বার্থ হাসিলে লিপ্ত হয়েছেন।

এক বিশেষ প্রতিক্রিয়া ও বক্তব্য প্রদানকালে তিনি ঝালকাঠির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঝালকাঠির বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এই খাই খাই স্বভাব অবিলম্বে বন্ধ করা দরকার। বিগত ছয় মাসে আপনারা অনেক খেয়েছেন। আওয়ামী লীগের নেতাদের পাহারার বিনিময় খেয়েছেন, তাদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, তাদের বাড়িঘর ও ঠিকাদারি ব্যবসা পাহারা দিয়ে অর্থ কামিয়েছেন। শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকদের দলে যোগদান করিয়েও সুবিধা নিচ্ছেন। এভাবে চলতে থাকলে পুরো দলটাকেই আপনারা গিলে খাবেন।”
নেতাকর্মীদের নীতি-নৈতিকতা ও দায়িত্ববোধের প্রতি প্রশ্ন তুলে রফিকুল ইসলাম জামাল আরও বলেন, “যাদের রক্তের বিনিময়ে আজ আপনাদের এই মুক্ত বাতাসে রাজনীতি করার ও সুবিধা নেওয়ার সুযোগ হয়েছে, সেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি সামান্যতম শ্রদ্ধা আপনারা দেখাননি। ৫ই আগস্টের মতো ঐতিহাসিক দিনে শহীদদের রুহের মাগফিরাতের জন্য একটা দোয়া-মোনাজাতের আয়োজনও আপনারা করতে পারেননি।”
পদলোভী নেতাদের সতর্ক করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং ত্যাগী কর্মীদের বঞ্চিত করে কেবল পদের পেছনে ছুটলে খুব দ্রুতই রাজনীতির ময়দান ও দল থেকে ঝরে পড়তে হবে।
