
অভাবের তাড়নায় নিজের চুল বিক্রি করা বাগেরহাটের রামপালের সেই রেহেনা বেগমের সংসারে ফিরেছেন মাদকাসক্ত স্বামী জাফর আলী। তবে স্থানীয়দের দাবি, আর্থিক সহায়তার আশাতেই তাঁর এই হঠাৎ প্রত্যাবর্তন। পড়ুন বিস্তারিত প্রতিবেদন।
বাগেরহাট প্রতিনিধি: চরম আর্থিক সংকট ও অভাবের তাড়নায় নিজের মাথার চুল বিক্রি করে দুই সন্তানকে নিয়ে দিনযাপন করা বাগেরহাটের রামপালের রেহেনা বেগমের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোড়ন তৈরি হয়েছে। এর পরপরই রেহেনার ছেড়ে যাওয়া স্বামী জাফর আলী হঠাৎ সংসারে ফিরে এসেছেন। তবে এলাকাবাসীর অভিযোগ, রেহেনা সাহায্য পেতে পারেন—এমন আশাতেই মূলত মাদকাসক্ত ওই ব্যক্তি এখন ফেরার নাটক করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় সাত বছর আগে রামপালের ফয়লা বাজারের একটি বেকারিতে কাজ করার সময় মোবাইল ফোনের মাধ্যমে সিরাজগঞ্জের উল্লাপাড়ার জাফর আলীর সঙ্গে রেহেনার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে বিয়েতে রূপ নেয়। কিন্তু বিয়ের পর থেকেই জাফর আলী স্ত্রী রেহানাকে নিয়মিত মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, দুজনেরই এটি দ্বিতীয় সংসার ছিল। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর রেহেনা নিজেই কাজ করে ১২ বছরের এক সন্তানসহ জীবিকা নির্বাহ করতেন। কিন্তু জাফর আলীর সঙ্গে বিয়ের পর মাদকের নির্যাতন ও সাংসারিক অবহেলায় নিঃস্ব হয়ে পড়েন রেহেনা। বাধ্য হয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিতে তিনি নিজের মাথার চুল বিক্রি করার মতো করুণ পথ বেছে নেন।
সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হলে বিষয়টি দেশজুড়ে নানা আলোচনার সৃষ্টি করে। স্থানীয় বাসিন্দাদের মতে, রেহেনার এই অবর্ণনীয় কষ্টের কথা প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহল থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা দেখে স্বার্থলোপী স্বামী আবার ফিরে এসেছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অসহায় রেহেনা ও তাঁর সন্তানদের স্থায়ী পুনর্বাসন ও নিরাপত্তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
